দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ
দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক সমিতির তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে সংগঠনের সাবেক সভাপতি কলি হাসানের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ মার্চ) নেত্রকোনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্তরা হলেন—সিরাজুল ইসলাম ওরফে সজীম শাইন, পলাশ সাহা এবং আব্দুল্লাহ আল মামুন ওরফে মামুন রণবীর। তারা দুর্গাপুর সাংবাদিক সমিতির বর্তমান আহ্বায়ক কমিটির দায়িত্বে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি মাসের মাসিক সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে সভাপতি কলি হাসানের সঙ্গে সদস্যদের মতবিরোধ সৃষ্টি হয়। পরে ওই সভায় সভাপতি–সাধারণ সম্পাদকসহ তৎকালীন কমিটির প্রতি অনাস্থা এনে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সদস্যদের দাবি, নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তারা অভিযোগ করেন, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সদস্যদের হয়রানি করতেই এ মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় দুর্গাপুর সাংবাদিক সমাজ ও সুধীজনেরা তীব্র নিন্দা জানিয়েছেন।











