ঈদ পুনর্মিলনী ও খেলাধুলায় মুখর ছিল ঈশ্বরগঞ্জের মৃগালী
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের মৃগালী কান্দাপাড়া এলাকায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী, আকর্ষণীয় খেলা ও মেলা।
সোমবার (২৩ মার্চ) ঈদের তৃতীয় দিনে মৃগালী সিরাক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ আয়োজন করা হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানে বালিকাদের জন্য অংক দৌড়, শিশুদের জন্য বিস্কুট দৌড়, বালক ও প্রাপ্তবয়স্কদের জন্য মোরগ লড়াই ও হাড়ি ভাঙা খেলা আয়োজন করা হয়। এছাড়াও বয়স্কদের জন্য ছিল “বাঘ উড়ে-পাখি উড়ে” খেলা এবং ফুটবল টুর্নামেন্ট, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। প্রতিটি খেলায় বিজয়ীদের মাঝে ১ম, ২য় ও ৩য় পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ ইয়ূথ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ১৫ দলীয় সমমনা গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সহ-সাংগঠনিক সম্পাদক, মানবকল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও তরুণ সমাজসেবক এম. জুবায়ের আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃগালী সিরাক প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সবুজ মিয়া এবং সঞ্চালনা করেন তরুণ সমাজসেবক ও উদ্যোক্তা মোঃ হাবিবুর রহমান হাবিব।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং আশপাশের কয়েকটি গ্রামের শিশু-কিশোর, তরুণ ও বয়োজ্যেষ্ঠরা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি উপভোগ করেন।
স্থানীয়রা জানান, এমন আয়োজন গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি সামাজিক বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।










