ফুলবাড়ী মাঠে ফুটবল টুর্নামেন্টে কান্দাপাড়া ব্ল্যাক টাইগারের জয়
হৃদয় আহমেদ, কলমাকান্দা:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলবাড়ী মাঠে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এ ফাইনালে বেলতলী দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কান্দাপাড়া ব্ল্যাক টাইগার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে ফুলবাড়ী ও কান্দাপাড়ার যৌথ উদ্যোগে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে ফুলবাড়ী মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলা উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক দর্শক মাঠে উপস্থিত হন। তরুণদের পাশাপাশি শিশু ও বয়স্ক দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচজুড়ে দর্শকদের মধ্যে ছিল টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত বেলতলী দলকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে কান্দাপাড়া ব্ল্যাক টাইগারের খেলোয়াড় ও সমর্থকেরা।
টুর্নামেন্ট কমিটির সভাপতি ফাইজুল ইসলাম বলেন, ‘আমার বাবা বেঁচে থাকতে তিনিই এই খেলার আয়োজন করতেন। এখন আমি সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছি। এক মাস ধরে খেলা চলেছে, আজ ফাইনাল অনুষ্ঠিত হলো। দর্শকেরা মাঠে এসে খেলা উপভোগ করেছেন। ইনশাআল্লাহ, আগামী বছরও এই আয়োজন অব্যাহত রাখব।’
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান রফিক, সহসভাপতি কলি আক্তার, উপজেলা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, লেংগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি হালিম হাওলাদার, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সাবেক সভাপতি আব্দুল হক ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।










