কলমাকান্দায় পল্লী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
হৃদয় আহমেদ, কলমাকান্দা:
নেত্রকোনার কলমাকান্দায় পল্লী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ছয়টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ছয় প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সমিতির বিশেষ সাধারণ সভায় নির্বাচনের ফলাফল চূড়ান্তভাবে অনুমোদন করা হয়।
সমিতির নির্বাচন কমিটি সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট প্রকাশিত নির্বাচনী তফসিল অনুযায়ী ৬ ও ৭ সেপ্টেম্বর ছয়টি পদের বিপরীতে মোট ছয়টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। ৯ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে ছয়টি মনোনয়নপত্রই জমা পড়ে।
পরে ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিটির সভায় দাখিল করা মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে সবগুলো মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়। কোনো পদেই একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিটির সিদ্ধান্ত এবং সমবায় সমিতি বিধিমালা, ২০০৪-এর ৩২(১) বিধান অনুযায়ী গত ২১ সেপ্টেম্বর প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
সোমবার অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ওই ফলাফল অনুমোদনের পর চূড়ান্তভাবে কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে মো. আব্দুল সেলিম, সহ-সভাপতি পদে মালতী স্রং, সম্পাদক পদে করুনা পাঠাং, কোষাধ্যক্ষ পদে গীতালী দারিং এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে নমিতা চিসিক ও মনোয়ারা বেগম নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, নির্বাচিতদের মধ্যে আব্দুল সেলিমের সদস্য নম্বর ১৮, মালতী স্রংয়ের ১৭৩, করুনা পাঠাংয়ের ১০৩, গীতালী দারিংয়ের ১৬২, নমিতা চিসিকের ৪৩ এবং মনোয়ারা বেগমের সদস্য নম্বর ৪৭।
নির্বাচনী সাধারণ সভায় শতাধিক সমিতির সদস্য অংশ নেন। তাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির ফলাফল অনুমোদন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. আক্কাছ আলী, খারনৈ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল মিয়া, সাধারণ সম্পাদক ডা. লতিফুর রহমান লতিফ এবং কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নির্বাচন কমিটির সভাপতি ও কলমাকান্দা উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সৈকত সরকার এবং সদস্য সালমা (সালেমা খাতুন) ও প্রণালী আজিম স্বাক্ষরিত ফলাফল বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সমিতির নিবন্ধন নম্বর ৩৭৩। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি এটি নিবন্ধিত হয়। সমিতির কার্যালয় কলমাকান্দা উপজেলার বিশ্বনাথপুর, হাট গোবিন্দপুর এলাকায় অবস্থিত।








