নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সরকারি খাস (হালট) জমি দখল এবং সরকারি নালা নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগে আলোচিত যুবলীগ নেতা মো. আনোয়ার হোসেন ওরফে কালাকে (৪৭) গ্রেপ্তার করেছে কলমাকান্দা থানা পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) উপজেলার পোগলা ইউনিয়নের পলাশহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পোগলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
এর আগে সরকারি খাস (হালট) জমিতে পানি নিষ্কাশনের জন্য নালা নির্মাণকাজে বাধা, সরকারি জমি দখল এবং এক ব্যক্তির ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পর ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি হালট দখল করে রাখার কারণে ওই এলাকার কৃষিজমির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে পারছে না। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে প্রতিবছর কৃষকদের ফসলের ক্ষতি হচ্ছে। এ পরিস্থিতিতে সরকারি উদ্যোগে নালা নির্মাণকাজ শুরু হলে আনোয়ার হোসেন ওরফে কালা তাতে বাধা দেন বলে অভিযোগ ওঠে।
কলমাকান্দা থানার ওসি সজল সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযুক্ত আনোয়ার হোসেন ওরফে কালাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি উন্নয়নকাজে বাধা এবং সরকারি খাস জমি দখলের অভিযোগে প্রশাসনের এ পদক্ষেপ একটি ইতিবাচক বার্তা দিয়েছে। তারা দ্রুত সরকারি জমি দখলমুক্ত করে নালা নির্মাণকাজ সম্পন্ন করার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।