কলমাকান্দায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মতবিনিময়

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং বাল্যবিবাহ, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার লেংগুড়া স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ মতবিনিময় সভা ও ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, বিএনপি’র সাধারণ সম্পাদক ও লেংগুড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরে আলম’সহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে লেংগুড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাকসুদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি একজন দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং তাদের পড়াশোনা ও চলাফেরার বিষয়ে অভিভাবকদের সচেতন নজরদারি থাকলে নানা সামাজিক সমস্যা থেকে তাদের দূরে রাখা সম্ভব।
আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত ক্লাবের উদ্বোধন করা হয়।

