জীববৈচিত্র্য রক্ষায় কলমাকান্দায় দেশীয় গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ ক্যাম্পেইন
কলমাকান্দা, নেত্রকোনা:
জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে কলমাকান্দা উপজেলায় দেশীয় গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোর ২ আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী এ কর্মসূচিতে র্যালি, আলোচনা সভা, চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিডিপি কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রোগ্রাম অফিসার মি. বুলবুল মানখিন। প্রধান অতিথি ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব মিকাইল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুয়াকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মি. নিশিকান্ত জাম্বিল, ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কলমাকান্দা থানা শাখার চেয়ারম্যান মি. মুকুট স্নাল, নলছাপ্রা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মি. বিশ্বজিৎ রংদী, বালুচড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আব্দুর রহমান, বালুচড়া মিশনের জেনারেল সেক্রেটারি মি. বিনয় রংদী, ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মি. সুজিত মানখিন, আলোক কোর ২ প্রকল্পের কৃষি অফিসার মিস. এনা নকরেক ও মাঠ কর্মকর্তা মিসেস সূচনা রুরাম। এছাড়া গোলাপি চিসিক ও সুস্ময় নকরেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নলছাপ্রা ও বালুচড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আলোক কোর ২ প্রকল্পের সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশীয় প্রজাতির গাছ রোপণের বিকল্প নেই। বিলুপ্তপ্রায় দেশীয় গাছ সংরক্ষণের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা সম্ভব।
প্রধান অতিথি জনাব মিকাইল ইসলাম বলেন, “পরিবেশ বাঁচলে আমরা বাঁচব। এ ধরনের ক্যাম্পেইন তরুণ প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে এবং পরিবেশ সচেতনতা বাড়াবে।”
সভাপতির বক্তব্যে মি. বুলবুল মানখিন বলেন, “কারিতাস সবসময় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করে যাচ্ছে। স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করেই টেকসই পরিবেশ গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির দেশীয় গাছের চারা বিতরণ করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।









